STORY BEHIND THE SONG.
গানের পিছনের গল্প।


“দ্বিধা”
(বাহির বলে দুরে থাকুক, ভিতর বলে আসুক না)

শিল্পীঃ হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যান্সি
সুরকারঃ হাবিব ওয়াহিদ
গীতিকারঃ মারজুক রাসেল
ছবিঃ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার


হাবিব ওয়াহিদ ও ন্যান্সি— একসঙ্গে হলেই জন্ম নেয় জনপ্রিয় সব গান। ‘দ্বিধা’ গানটির জন্য তাঁরা দুজনই পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০৯-এর সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার। হাবিব ওয়াহিদ, ন্যান্সি ও মারজুক রাসেল কথা বলছেন গানের পেছনের গল্প নিয়ে।

শিল্পী হাবিব ওয়াহিদ

শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি

হাবিব ওয়াহিদ ও ন্যান্সি'র কথা—
‘আমার জীবনের সবচেয়ে কম সময়ে তৈরি করা গান “দ্বিধা”।’ বলছিলেন হাবিব। সেটা কী রকম? ‘মারজুক রাসেলের লেখাটা আমাকে দিয়ে ফারুকী ভাই সিকোয়েন্সটা বুঝিয়ে দিলেন। কথাগুলো পড়েই আমার ভেতরের অনুভূতিটা নড়ে উঠল। দু-তিন ঘণ্টা পর আবিষ্কার করলাম ডামি ভয়েসসহ পুরো গান তৈরি। এত কম সময়ে এর আগে কোনো গান আমি তৈরি করতে পারিনি।’ যেখানে কখনো কখনো একটা গান তৈরি করতে হাবিবের দু-তিন দিন সময়ও লেগে যায়, সেখানে এ ঘটনা বেশ ব্যতিক্রম। মাইলফলকগুলো বুঝি এভাবেই হয়!

হাবিব ওয়াহিদ বললেন, ‘এ রকম গান সব সময় হয় না। সৃষ্টিকর্তার ইশারা লাগে। আমি, মনে হয়, গানটি তৈরি করার সময় তা পেয়েছিলাম।’

ন্যান্সি বললেন, ‘দ্বিধা গানটার ভেতরে অন্য রকম একটা ব্যাপার আছে। যেমন গভীর কথা, তেমনি তার সুর। একদম ভেতরটা ছুঁয়ে যাওয়া একটা গান। গাইতে গাইতে আমি তো কেঁদেই দিয়েছিলাম। মন খারাপ হলেই গানটা শুনি। কিছু কিছু গান আছে, কখনোই পুরোনো হয় না। এটা তেমনই একটা গান।’

গীতিকার মারজুক রাসেল

গীতিকার মারজুক রাসেল-এর কথা—
মোস্তফা সরয়ার ফারুকীর মুক্তি প্রত্যাশিত চলচ্চিত্র 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার' এর সাথে আমি প্রথম থেকেই সম্পৃক্ত। বলা যায়, এই চলচ্চিত্রের গল্পটার সাথেই আমি কিছুদিন বেড়ে উঠেছি। ফলে চলচ্চিত্রের গল্প এবং এর খুঁটিনাটি বিষয়গুলো আমার মাথায় আগে থেকেই ছিল। সে অনুযায়ীই আমি 'দ্বিধা' গানটি লিখতে বসি। গানটি আমি শেষ করেছিলাম একদিন ভোরে। তবে এর পেছনে যে চিন্তার জায়গাটা সেটা বহুদিন থেকেই আমার মাথায় ছিল। রাস্তায় চলতে চলতে আবার কখনো বা বাসায় বসেই হয়তো গানের একেকটা লাইন আমার মাথায় এসেছে। তারপর বহুবার কাটাকাটি এবং পরিমার্জন, সংশোধনের মধ্য দিয়েই আমি লিরিক্সটা ফাইনাল করি। মানুষের মনে যে দোদুল্যমনতা, তার মধ্যে যে দোটানা, তিনটানা, চারটানা সেই বিষয়টাকে উপজীব্য করেই এ গানটা এগিয়েছে।

Comments

Popular posts from this blog